October 31, 2026, 3:09 pm

পূবাইলে পুলিশের পৃথক অভিযান: ছিনতাই হওয়া প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মো: জাফর আলী::
  • আপডেট Saturday, October 31, 2026
  • 3 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দস্যুতার ঘটনায় জড়িত সন্দেহে একজন এবং ধারালো চাপাতি ও দুটি সুইচ গিয়ারসহ অপর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ভোরে পূবাইলের মেঘডুবি এলাকায় মাজুখান থেকে মেঘডুবীগামী তাজউদ্দিন মোল্লা রোডের মাথায় তিন ব্যক্তি মৃত্যুর ভয় দেখিয়ে মো. রায়হান সিদ্দিক (২৯) নামের এক ব্যক্তির প্রাইভেটকার, নগদ ১০ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পূবাইল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকা থেকে মো. সাকিব সরকার (১৯) নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া টয়োটা করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৭০৪৪) ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে পূবাইল থানার এসআই মো. সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে হায়দরাবাদ ছাবেদ মার্কেট এলাকার একটি নির্মাণাধীন গ্লাস ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সৌরভ চন্দ্র বিশ্বাস (২৩), সাগর হোসেন ওরফে স্বাধীন (২৩) এবং মো. সাকিব (২২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও দুটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, দস্যুতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার অপর তিনজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার চারজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর