স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১ এর স্কোয়াড কমান্ডার দেবজিৎ পাল।
এসআরবি জানায়, আটক রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে স্কোয়াড কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এসআরবি-১ সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা ঢাকা যৌথভাবে রাসেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরে করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত শুরু করেছে এসআরবি।