বিনোদন ডেস্ক :: ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে টানা ৯ মাস শুটিং থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে ফিরেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এতে সমাজে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের প্রাপ্য অধিকার আদায়ের লড়াই উঠে এসেছে নাটকটিতে। তানিয়া বৃষ্টির সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। প্রথমে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি কঠোর বিশ্রাম ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে শারীরিক অবস্থার উন্নতির কথা জানান অভিনেত্রী। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল এবং একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।