স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ টঙ্গী পূর্ব থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাকছুদুল আলম পূর্ব থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে পাগাড়ের আলেরটেক এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালায়। অভিযানে কারখানার ভেতরের বিভিন্ন কক্ষে ইয়াবা তৈরির রাসায়নিক উপাদান, বিভিন্ন সরঞ্জাম ও পরীক্ষাগার (ল্যাব) খুঁজে পান।
সেখানে কর্মরত এক ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন, অনলাইনে দেখে ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করেছেন তারা। তবে এখনো উৎপাদন কার্যক্রম সম্পন্ন হয়নি।
তিনি আরও জানান, প্রায় ছয় মাস ধরে সেখানে কাজ করছেন এবং কারখানায় উৎপাদনের জন্য প্রয়োজনীয় সব উপাদান এখনও সংগ্রহ করা হয়নি। কারখানাটির ভিতরে ছিলো ইয়াবা তৈরির জন্য আলাদা একটি ল্যাব। সেখানে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি রাখা ছিল। এসব উপাদান ব্যবহার করেই ট্যাবলেট তৈরির চেষ্টা চলছিলো। অভিযানের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে ছুটে যান।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি রয়েছে। এগুলো ব্যবহার করে ইয়াবা তৈরির পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কারা জড়িত, কিভাবে কারখানাটি পরিচালিত হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ সম্পৃক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইয়াবার মতো ভয়াবহ মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদক উৎপাদন ও সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কারখানাটির ভেতরের কক্ষ, ল্যাব এবং সংশ্লিষ্ট সরঞ্জাম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।