নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের গাছা থানায় একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
মহানগরীর ভুসির মিল এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ডবাজার হয়ে পুনরায় ভুসির মিল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় গাছা থানা যুবদল এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নেতাকর্মীদের প্রাণবন্ত স্লোগানে পুরো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও এর আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।
সমাবেশে যুবদল নেতা মো. সাব্বির হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব সংগঠন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই এ সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রত্যয় হলো-ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করা।
তিনি আরও যোগ করেন, যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রাজপথে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করাই আমাদের মূল লক্ষ্য।