গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, কারাগার কেবল দণ্ড ভোগ বা শাস্তির স্থান নয়। নিজের ভুল শুধরে সুন্দর জীবনে ফিরে আসার এক সংশোধন কেন্দ্র। সোমবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সাধারণ বন্দিদের খোঁজ-খবর নেন এবং কারাবন্দি সংগীতশিল্পী ও বাদক দলকে শুভেচ্ছা উপহার দেন।
প্রথমে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার পরিদর্শন করেন। এরপর তিনি সরাসরি চলে যান কারাগারের রন্ধনশালায়। সেখানে রান্নার পরিবেশ, রন্ধন প্রক্রিয়া ও বন্দিদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় কারাগারের হাসপাতালে গিয়ে বন্দিদের চিকিৎসাসেবা সরাসরি তদারকি করেন এবং সেবার মান আরো উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের সাথে কথা বলে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শনে যান। সেখানে তিনি জনপ্রিয় সংগীতশিল্পী মুজিব পরদেশীসহ গায়ক-বাদক দলের ১৬ বন্দিকে পাঞ্জাবি-পায়জামা উপহার দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, গাজীপুরে যোগদানের পর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ পরিদর্শন করেন।
ওই সময় কারাবন্দি ১৫ সদস্যের একটি গায়ক ও বাদক দল তাকে গান শুনিয়েছিলেন। কারাগারে থেকেও ইতিবাচক মানসিকতাকে ধারণ করে নিজেদের সংশোধন করে পুনরায় স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের সুপ্ত বাসনা সেদিন তাদের গানে অনুভব করেছিলেন তিনি।