October 29, 2026, 9:23 pm

ঢাকাই সিনেমার অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ

বিনোদন ডেস্ক::
  • আপডেট Thursday, October 29, 2026
  • 25 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার খলঅভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে শিবা শানুকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। ঢাকাই সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত থাকলেও রাজনীতি ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন শিবা শানু। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে হলে প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। এ অবস্থায় শিল্পী সমিতির সভাপতির পদ নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো স্পষ্ট নয়।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খলঅভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই অভিনেতার নতুন দায়িত্বে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কীভাবে কাজে লাগবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর