September 7, 2026, 4:37 pm

ভারতের কাছে ৩-০ গোলে হেরে হতাশার বাছাইপর্ব শেষ বাংলাদেশের

Reporter Name
  • আপডেট Monday, September 7, 2026
  • 24 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: মালেতে গত এপ্রিলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ভারতের কাছেই এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করেছে লাল-সবুজের দল।
প্রথম দুই ম্যাচে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে আগেই চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে জয় তুলে নিতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি। বরং বড় হার দিয়ে হতাশার সফর শেষ করেছে বাংলাদেশ।
মাঠের বাইরের নানা বিতর্কের পাশাপাশি প্রথম দুই ম্যাচে দলের এলোমেলো পারফরম্যান্সের কারণে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলের সঙ্গে সহকারী হিসেবে থাকলেও জেরার্ডের আপত্তির কারণে প্রথম দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারেননি আতিকুর। শেষ ম্যাচে দায়িত্ব পাওয়ার পর ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার। কিন্তু দোস্তলিক স্টেডিয়ামে তার সেই প্রত্যয়ের প্রতিফলন দেখা যায়নি।
ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় ভারত। বক্সে ঢোকানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগ পেয়ে যান ভারতের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ড্যানি মেইতেই লাইশরাম। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বলটি বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরীর পায়ের নিচ দিয়ে জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। থ্রো-ইন থেকে আসা বলে বাংলাদেশের বক্সে ব্যাক হেড করেন ভারতের এক খেলোয়াড়। বাতাসে ভাসতে থাকা সেই বল দারুণ এক ব্যাকভলিতে জালে পাঠান মিডফিল্ডার বিশাল যাদব। দুই গোলের ক্ষেত্রেই বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের দুর্বল নজরদারি স্পষ্ট হয়ে ওঠে।
দুই গোল হজমের পর বাংলাদেশের ডিফেন্ডার মিঠু চৌধুরী ফাউলের দায়ে হলুদ কার্ড দেখেন। কার্ড দেখানোর পর সিদ্ধান্ত নিয়ে মিঠু অসন্তোষ প্রকাশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
গোল শোধে বাংলাদেশের হয়ে মাহী খান ও উহঙ্গার অ্যাডাম আব্বাস চেষ্টা চালালেও আক্রমণভাগ থেকে কার্যকর কোনো সুযোগ তৈরি করা যায়নি। অন্যদিকে রক্ষণভাগের দুর্বলতা পুরো ম্যাচজুড়েই ভুগিয়েছে বাংলাদেশকে। শেষ দিকে সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতের বদলি মিডফিল্ডার মো. আরবাশ বক্সের ভেতর থেকে গোল করলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয় ৩-০ ব্যবধানে।
উজবেকিস্তানের কাছে ২-০ এবং সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ভারতের বিপক্ষেও একই পরিণতি—তিন ম্যাচে কোনো জয় ছাড়াই এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
অন্যদিকে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা ভারত পরের ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল। শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান ধরে রাখল তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর