স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চাঁন মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা (৫০)। তাঁরা টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়িসংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে চাকরি করতেন।
সূত্র জানায়, বুধবার সকাল ৬টার দিকে তাঁদের ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে যায়। পরে সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে লাল চাঁন মিয়া, তাঁর স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তাঁদের মেয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাঁদের মেয়ে এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।