October 22, 2026, 8:41 pm

উত্তরায় ‘দে লাড়া’ গ্যাংয়ের প্রধান পিচ্চি সানি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, October 22, 2026
  • 4 জন দেখেছে

উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় আলোচিত কিশোর গ্যাং ‘দে লাড়া’র মূলহোতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশি নথি অনুযায়ী, রাজধানীর তিনটি থানায় তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্র জানায়, রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে পিচ্চি সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-১। ২০২৪ সালের জুলাই-আগস্টে উত্তরার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনে সংঘবদ্ধ হামলায় তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। সে সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় তাকে অংশ নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরাকেন্দ্রিক কিশোর গ্যাং নেটওয়ার্কের মাধ্যমে পিচ্চি সানির বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ‘দে লাড়া’ গ্রুপের সদস্যদের তৎপরতা উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গী এলাকায় বিস্তৃত বলে জানা গেছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার অভিযোগ বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পিচ্চি সানি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী নূর মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এ ছাড়া উত্তরায় কিশোর গ্যাংয়ের আড়ালে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় তার যুক্ত থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল পিচ্চি সানি। ওই সময় তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে পিচ্চি সানির বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। এসব মামলায় মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পিচ্চি সানির সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, উত্তরায় কিশোর গ্যাং দমনে পুলিশ সব সময় তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে বুধবার রাতে বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর