নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাব-এডিটর এবং সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম শাহজাহান সিরাজ সাজুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর কাচা বাজার এলাকায় কেয়ার ফার্মায় প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থা আয়োজনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মো: জাকারিয়া চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন, আবৃত্তি ও অভিনয় শিল্পী মোস্তফা কামাল বাদল, জাসাস নেতা সালাম খান তরুন, তানভির হাসান, রাজ প্রমুখ।
স্মরণসভায় বক্তারা মরহুম শাহজাহান সিরাজ সাজুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি টঙ্গীর সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর কর্মময় জীবন ও অবদান সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শাহজাহান সিরাজ সাজু তাঁর লেখনী, পেশাগত দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে ভালোবাসা ও শ্রদ্ধার স্থান তৈরি করে গেছেন, তা কখনো বিস্মৃত হওয়ার নয়। তাঁর মৃত্যুতে টঙ্গীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।