নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের টঙ্গীতে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির সামনে প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ, গাজীপুর এবং যুব জমিয়ত বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক মোসলেম উদ্দিন গণধোলাইয়ের শিকার হন। পরে ভুক্তভোগী মাদ্রাসাশিক্ষার্থীর বাবার করা মামলায় তিনি কারাগারে রয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রশীদ আকন্দ, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির আনোয়ার হোসেন, মুফতি আমিরুল ইসলাম, আব্দুল করীম নাটোরী, মাওলানা কেরামত আলী, আলমাস হোসেন, সেলিম হোসাইনসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষকরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের ওপর পরিকল্পিত হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। বক্তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।