October 30, 2026, 11:58 am

রাজধানীর কামরাঙ্গীরচর ‘হানি ট্র্যাপে’ ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেফতার ২

Reporter Name
  • আপডেট Friday, October 30, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে মো. সোহানকে (২১) গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। পরে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অপর আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুইজন অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চাইলে ভিকটিম সামিউল ইসলাম (২৮) এগিয়ে যান। পরে কৌশলে তাকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
ভিকটিমের বড় ভাই থানায় বিষয়টি জানালে কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর