স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রদীপ বর্মন (৪৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারজান (৩০) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল সুখীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রদীপ বর্মন নওগাঁ জেলার সাপাহার থানার তুলসীপাড়া গ্রামের লগেন বর্মনের ছেলে। আহত মারজান সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার তালেব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুখীনগর এলাকায় মিজানুর রহমানের নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলায় কাজ করছিলেন প্রদীপ ও মারজান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন প্রদীপ। এতে ভারসাম্য হারিয়ে মাচা ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন দুজন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রদীপ বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত মারজানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।