April 21, 2026, 2:28 pm

দেশের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে: পর্যটনমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, March 8, 2026
  • 47 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম রিতা বলেছেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় নারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, নারীরা যেমন দক্ষতার সঙ্গে পরিবার ও সংসার পরিচালনা করেন, তেমনি সুযোগ ও সক্ষমতা পেলে রাষ্ট্র পরিচালনা এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সমানভাবে অবদান রাখতে পারেন। আজ রবিবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে মানিকগঞ্জ সমন্বিত ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, একজন নারীকে একই সঙ্গে বাবা-মা, স্বামী ও সন্তানের কথা চিন্তা করে সংসার পরিচালনা করতে হয়। পরিবারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এজন্য নারীদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় অংশ নেন। সভায় জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন, সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মর্জিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মমতা আব্দুল বাতেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর