স্টাফ রিপোর্টার:: গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণের সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. চৌধুরী আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মো. সৈয়দ ওমর ফারুক ফয়সল, সহ-প্রধান শিক্ষক আব্বাস আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্বে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের ফলাফল, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং গভর্নিং বডির সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা নবনিযুক্ত সভাপতিকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।