May 1, 2026, 4:39 pm

মে দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ বিএনপির শ্রমিক সমাবেশ

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আজ মহান মে দিবস। এই বিশেষ দিনটিতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজধানীতে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হবে।
সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর ঢাকায় মে দিবস উপলক্ষে কোনো শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, এবারের মে দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের নেতিবাচক প্রভাব, সংকুচিত শ্রমবাজার এবং ক্রমবর্ধমান শিক্ষিত বেকারত্ব- এই সংকটময় পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই সমাবেশের প্রধান উদ্দেশ্য।
সমাবেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে অবাধ ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শোভন কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
সমাবেশস্থলে নাগরিক সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জরুরি স্বাস্থ্যসেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। এছাড়া অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও শ্রমিক এই সমাবেশে যোগ দেবেন বলে আশা করছেন নেতারা। আজকের এই সমাবেশ শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে জাতীয় পর্যায়ে আরও জোরালো করে তুলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর