নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে চারতলার ছাদে এবং ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের তৎপরতায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আসে।
মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে সকাল ১১টা ১১ মিনিটে আগুন লাগে। ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ১১টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, যে ভবনের ছাদে আগুন লাগে, সেটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল না।
অন্যদিকে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল। দুপুর ১২টার দিকে অ্যাপেক্সের শোরুমের আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।