আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে ভেঙে ফেলা হয়েছে দেড়শ বছরের পুরোনো একটি মসজিদ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদটি ভাঙা হয়। আজ শাহরানপুর কালেক্টরেটের জায়গায় (সরকারি জায়গায়) অবস্থিত এমন অজুহাত তুলে মসজিদটি ভেঙে ফেলতে নির্দেশ দেন এক ম্যাজিস্ট্রেট। এরপর জেলা আদালত এটি বহাল রাখলে মসজিদটি ভাঙা হয়।
গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট ঘোষণা দেন মসজিদটি অনুমোদনহীনভাবে গড়ে তোলা হয়েছে এব ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করে দিতে বলা হয়। এছাড়া সরকারি জায়গাতে মসজিদ তৈরি করা হয় কর্তৃপক্ষকে সাড়ে ৬ কোটি রুপি জরিমানা করা হয়। উগ্র হিন্দুত্ববাদী বাজরং দলের নেতা বিকাশ তিয়াগী মসজিদটি ভাঙার জন্য দৌড়ঝাঁপ করেন। এরপরই এটি ভাঙার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে মসজিদ কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে আপিল করে। গত শুক্রবার এই আপিল খারিজ করে সেখানকার জেলা আদালত। এরপরই রাতের অন্ধকার যাওয়ার আগেই শত শত পুলিশ সদস্য এনে মসজিদটি ভেঙে ফেলা হয়। এ নিয়ে সেখানকার মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। মসজিদটির মুতাওয়াল্লি তানভীর আহমেদ বলেছেন, এটি ১৫০ বছর আগে তৈরি করা হয়েছে। কিন্তু এখন অবৈধ স্থাপনা দাবি করে পুরোনো মসজিদটি ভেঙে ফেলা হয়েছে। সূত্র: মাকতুব মিডিয়া