মুন্সীগঞ্জ প্রতিনিধি:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে পলিথিন বর্জন করতে হবে। দূষণমুক্ত ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে। আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যার মধ্যে চলতি বছরেই প্রায় ৫ কোটি গাছ লাগানো হবে। রোববার (৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নিজেদের নিরাপদ ভবিষ্যতের স্বার্থেই আমাদের এই উদ্যোগ নিতে হবে। ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় দেশের উপকূলীয়, পাহাড়ি ও সমতল এলাকায় উপযোগী প্রজাতির গাছ লাগানো হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে নিজস্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এজন্য বৃক্ষরোপণকে একটি সর্বজনীন সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিটি নাগরিক ও শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও তা যত্নে রাখার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক নূরমহল আশরাফী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয় এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।