নিজস্ব প্রতিবেদক :: আজ ১ মে শুক্রবার, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেছেন, বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হচ্ছে। আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন। কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।
বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচি : মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সমপ্রচার করছে।
আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, কলেজ-স্কুলপর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপর বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেয়া হবে পুরস্কার।
বিএনপির কর্মসূচি : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি আজ নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে।
এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই নেতা। নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।
জামায়াতের কর্মসূচি : ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উপলক্ষে আজ ১ মে (শুক্রবার) ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ বিকেল ৩টায় রাজধানীর পল্টনস্থ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান জানান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাড. আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।