শারমিন খানম:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে নিউ লাইফ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রসূতি তামান্না (২১) ও নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, নিহত তামান্না গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও-মীরের বাজার এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম তুহিন এবং তার পিতার নাম সিদ্দিক।
নিহতের স্বাজনরা জানান, সন্তান প্রসবের জন্য তামান্নাকে গত বুধবার বিকাল ৪টায় টঙ্গী স্টেশন রোড এলাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার সময় সিজার করার সময় তামান্না ও তার নবজাতক শিশুর মৃত্যু হয়। ডাক্তারের চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই মা ও শিশুর করুণ মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।
অপরদিকে মা ও নবজাতক মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের স্বজনদের সাথে টাকার বিনিময়ে মীমাংসা করার চাপ সৃষ্টি দিচ্ছেন বলে জানিয়েছেন নিহত তামান্নার শশুর। এ ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি প্রসূতি ও নবজাতকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।