মো: জাফর আলী :: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গত দুই মাসে ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছিনতাইকারী চক্রের ১৩ জন শীর্ষ দলনেতা রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শফিকুল ইসলাম। গ্রেপ্তার ১৩ শীর্ষ ছিনতাইকারী হলেন- রাজু ওরফে চুইক্কা রাজু, রেড নয়ন, সুজন, স্বাধীন, রাহুল, রায়হান, জাহিদ, রাতুল, মিজান, বুক কাটা বাবু, মুক্তার হোসেন সোহান, সাজেদুল ওরফে বোমা মনির ও হৃদয়।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলমের নেতৃত্বে গত দুই মাসে বিশেষ অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, টঙ্গীতে মাদক ও ছিনতাই অন্যতম বড় সমস্যা। এসব অপরাধের সিন্ডিকেট ভেঙে দিতে ১৩ জন শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের নিজস্ব একটি করে দল রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যে কোনো মূল্যে অপরাধী চক্রগুলোকে আইনের আওতায় আনা হবে।