স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজার ও মেম্বারবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুর রহমান, গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ র্যাব, পুলিশ, বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছিল। নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে সড়কের শৃঙ্খলা ফিরবে এবং যানজটও অনেকটা কমবে বলে আশা করছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।