স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতুলী এলাকায় অটোচালককে হত্যা করে অটোগাড়ি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আতাউর রহমান আতা মিয়া (৬০)। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আতা মিয়া উপজেলার নরোত্তমপুর বাটনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
কাপাসিয়া উপজেলার আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর-শিমুলতলী সড়কের মির্জানগর গ্রামের ফাঁকা স্থানে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।