বিনোদন ডেস্ক:: বাংলা নাটকের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনকে বরাবরই পাত্তা দেননি দুজন। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ককে পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন তারা। এদিকে বেশ কিছুদিন ইয়াশ-তটিনীকে একসঙ্গে নাটকে দেখা যায়নি। ফলে তাদের জুটিকে আবার পর্দায় দেখতে অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে নতুন নাটক ‘কাবিননামা’ দিয়ে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে নাটকটি। প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এটি। মাত্র এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়েছে ২৫ লাখ।
‘কাবিননামা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে ইয়াশ রোহান ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইউটিউবের কমেন্ট বক্সে এরই মধ্যে দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। অধিকাংশ দর্শকই ইয়াশ-তটিনী জুটির অভিনয় ও পর্দার রসায়নের প্রশংসা করেছেন। দর্শকদের এই সাড়া থেকে স্পষ্ট, দীর্ঘ বিরতির পর ইয়াশ-তটিনী জুটিকে আবার একসঙ্গে পাওয়ার আগ্রহ ছিল বেশ তীব্র। আর সেই প্রত্যাশার প্রতিফলনই যেন দেখা যাচ্ছে ‘কাবিননামা’র দ্রুত ভিউ বৃদ্ধিতে।