মুহম্মদ আবুল বাশার:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ মাহফিল, হামদ-নাত, কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। আজ বুধবার (২৬ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলার উচাখিলা কেরামতিয়া আলিম মাদরাসায় মিলাদ মাহফিল, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসার গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল মসজিদে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মহানবী (সা.) এর প্রতি দরুদ ও সালাম, মিলাদ মাহফিল এবং তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.) এর দেখানো শান্তি, মানবতা, সম্প্রীতি ও ন্যায়বিচারের আদর্শ সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান।