July 23, 2026, 7:02 am

ঈদে মুক্তির অপেক্ষায় ১৬ সিনেমা, তুমুল প্রতিযোগিতার আভাস

Reporter Name
  • আপডেট Sunday, February 22, 2026
  • 136 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: প্রতি বছর ঈদ এলেই দেশের চলচ্চিত্র অঙ্গনে যেন আলাদা এক স্রোত বইতে শুরু করে। সারা বছর প্রেক্ষাগৃহে নতুন ছবির আকাল থাকলেও ঈদের সময়টায় নির্মাতা-প্রযোজকদের তৎপরতা চোখে পড়ার মতো। এবার সেই প্রতিযোগিতা আরও তীব্র। রোজার ঈদ সামনে রেখে এখন পর্যন্ত ১৬টি সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সংখ্যাটা যদি শেষ পর্যন্ত অটুট থাকে, তবে এটি হবে রেকর্ড।
ঈদের বাজার মানেই আলোচনার কেন্দ্রে থাকেন শাকিব খান। এবার তিনি হাজির হচ্ছেন গ্যাংস্টার অবতারে, প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা ছবিতে। নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত এই সিনেমা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। শুটিং এখনো চলমান, তবু ঈদে মুক্তির ঘোষণায় আগেভাগেই ছবিটিকে আলোচনায় এনে দিয়েছে।
গত ঈদের ধারাবাহিকতায় আবারও বড় পর্দায় আসছেন আফরান নিশো। দম পরিচালনা করেছেন রেদওয়ান রনি। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে। নিশোর সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। বড় ক্যানভাস, আন্তর্জাতিক লোকেশন; সব মিলিয়ে ‘দম’ও ঈদের প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিতে চায়।
অ্যাকশন ঘরানায় পাল্টা জবাব দিতে প্রস্তুত সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ ছবিটি নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় চিত্রায়িত এই ছবিতে সিয়ামের বিপরীতে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। নির্মাতার ভাষ্য, অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর এক বাণিজ্যিক আয়োজন হতে যাচ্ছে এটি।
ঈদের তালিকায় আছে সাহিত্যনির্ভর নির্মাণও। তানিম নূর নির্মাণ করছেন বনলতা এক্সপ্রেস, যা হুমায়ূন আহমেদ–এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। এক দিনের ট্রেনভ্রমণকে ঘিরে গড়ে ওঠা গল্পে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। সঙ্গে রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিম ও আজমেরী হক বাঁধন। ছবির শুটিং শেষ, চলছে পোস্ট-প্রোডাকশন।
সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন জীবনানন্দ দাশের সৃষ্ট চরিত্রকে নতুনভাবে পর্দায় হাজির করবে। অন্যদিকে রঙবাজার চার শতকের পুরোনো এক যৌনপল্লির উচ্ছেদের গল্প তুলে ধরছে। সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে নির্মিত ট্রাইব্যুনাল ও উপকূলীয় মানুষের জীবনসংগ্রামভিত্তিক হাঙর-ও মুক্তির অপেক্ষায়।
অ্যাকশনধর্মী ‘মালিক’ ছবিতে সাত বছর পর জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। থ্রিলার ঘরানার দুর্বার, পোশাকশিল্পের ঝুট ব্যবসা নিয়ে ‘কাট পিস’, সংগ্রামী মায়ের গল্পে ‘ডোডোর গল্প’সহ তালিকায় আরও আছে ‘তছনছ’, ‘অফিসার’ এবং আলোচিত ‘প্রেশার কুকার’।
তবে প্রশ্ন থেকে যাচ্ছে, দেশের সীমিত প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত কয়টি সিনেমা জায়গা পাবে? বড় তারকার ছবি কি অধিকাংশ হল দখল করবে, নাকি গল্প ও নির্মাণগুণে এগিয়ে থাকা ছবিগুলো দর্শকের মন জয় করবে? প্রচারণা এখনো জোরদার হয়নি, কিন্তু ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে হল দখলের অঙ্ক কষা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর