আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না ইরান। বরং শেষ পর্যন্ত এ দুই দেশকেই নতি স্বীকারে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। ইরানের জনগণের দৃঢ় অবস্থানের কারণে ওয়াশিংটন প্রত্যাশিত সহযোগিতাও পাচ্ছে না। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে ইমাম খোমেনি (রহ.)-এর মাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইআরজিসি প্রধান। অনুষ্ঠানে বাসিজ বাহিনীর কমান্ডার ও সদস্যরা ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ এবং লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি নিজেদের আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেন।
ইরানের জনগণের ভূমিকা ও প্রতিরোধের দৃঢ়তার প্রসঙ্গ তুলে জেনারেল ওয়াহিদি বলেন, যুক্তরাষ্ট্র আগে কখনো বর্তমান সময়ের মতো এতটা আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে পড়েনি। ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামনে কখনো মাথা নত করবে না।
তিনি আরও বলেন, ইরান আরেকটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির জনগণ তাদের শহীদ ইমামের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করছে। জনগণের অবিচল অবস্থান ও প্রতিরোধের কারণেই আধিপত্যবাদী শক্তিগুলো বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থান নিয়ে আইআরজিসি প্রধান দাবি করেন, ওয়াশিংটন বিভিন্ন পক্ষের কাছে সহযোগিতা চাইলেও ইরানের জনগণের ভয়ে অনেকেই প্রকাশ্যে সহায়তা করতে এগিয়ে আসেনি। কয়েকটি দেশ গোপনে সহযোগিতা করলেও যুক্তরাষ্ট্র আরও ব্যাপক সমর্থন প্রত্যাশা করেছিল। মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেন, ইরানের জনগণ নিজেদের অবস্থানে অটল রয়েছে। আধিপত্যবাদী শক্তি ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামনে তারা কখনো নতি স্বীকার করবে না। বরং শেষ পর্যন্ত তাদেরই মাথা নত করতে বাধ্য করা হবে। আইআরজিসি প্রধানের এ বক্তব্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থান এবং ইরানের প্রতিরোধনীতি নিয়ে তেহরানের কঠোর অবস্থান আবারও উঠে এসেছে।