November 15, 2026, 12:16 am

‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই

Reporter Name
  • আপডেট Saturday, November 14, 2026
  • 28 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা ও ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুতে দেশের ব্যান্ড সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নানা শারীরিক জটিলতা নিয়ে গত ২৪ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শেখ সাহেদ। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিসও নিতে হতো তাকে। হাসপাতালে ভর্তির পর স্ট্রোকের পাশাপাশি ডেঙ্গু, হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহ ও সংক্রমণসহ নানা জটিলতা দেখা দেয়। গতকাল বৃহস্পতিবার গুরুতর রক্তক্ষরণ শুরু হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান এই শিল্পী।
আজ বাদ আসর পুরান ঢাকার গোপীবাগ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন শেখ সাহেদ। তার প্রতিষ্ঠিত ‘গাছ’ ব্যান্ডের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রভু’। এরপর দীর্ঘ সংগীতজীবনে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার গাওয়া ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে।
দীর্ঘদিন সংগীতচর্চা থেকে অনেকটা দূরে থাকলেও নতুন গান নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। টানা ১১ বছর ধরে তৈরি করেছিলেন ২৪টি নতুন গান। সেগুলো জি-সিরিজের ব্যানারে প্রকাশের পরিকল্পনা ছিল তার। পাশাপাশি গানগুলো সংরক্ষণের জন্য চারটি সিডি, চারটি ক্যাসেট ও চারটি ভিনাইল রেকর্ড প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছিল।
গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে নতুন গানগুলো প্রকাশ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে শিল্পীর অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। দীর্ঘদিনের সাধনায় তৈরি গানগুলো আর শ্রোতাদের সামনে তুলে ধরতে পারলেন না তিনি। সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন নব্বইয়ের দশকের এই শিল্পী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর