November 18, 2026, 12:28 pm

পদত্যাগের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী

Reporter Name
  • আপডেট Wednesday, November 18, 2026
  • 17 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় চলচ্চিত্রের ১৯ সংগঠনের মুখপাত্র ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বার্তায় জয় চৌধুরী উল্লেখ করেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আজ মঙ্গলবার বিকেল ৪টায় আমি পদত্যাগপত্র জমা দেব। পাশাপাশি চলমান ইস্যু এবং এ বিষয়ে আমার ব্যক্তিগত অবস্থান পরিষ্কার করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করব।
জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট নেতা-কর্মী ও কর্মচারীরা। এফডিসিতে উপস্থিত থাকা সত্ত্বেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। মানববন্ধনে অংশ না নেওয়া এবং সমিতির সামনে বহিরাগত কয়েকজনের উপস্থিতিকে কেন্দ্র করে এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করে হেলাল খান তাঁকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন এবং এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথা বলেন।
ওই ঘটনার পর জয় চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, শিল্পী সমিতির সামনে চিত্রনায়ক ডি এ তায়েবের কয়েকজন ভক্ত জন্মদিনের কেক কাটার জন্য অপেক্ষা করছিলেন। মানববন্ধনে যেতে দেরি হওয়া এবং ডি এ তায়েবের পক্ষ নিয়ে কথা বলায় হেলাল খান ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর