স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর পূবাইলে ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো মৌসুমের ধানের বীজ বিতরণ করেছে গাজীপুর মহানগর কৃষক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), গাজীপুরের সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ার হোসেন খান। মো. নুরুজ্জামান মৃধার আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, পূবাইল থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ, ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল সাত্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ফলন পেতে উন্নত জাতের মানসম্মত বীজ ব্যবহারের বিকল্প নেই। প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ বিতরণের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা চারশ জন স্থানীয় প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বোরো মৌসুমের ধানের বীজ তুলে দেন।