নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল, ডেন্টাল ও হোমিও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার টঙ্গীর নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। এ সময় সাধারণ চিকিৎসার পাশাপাশি, গাইনী, চক্ষু, ডেন্টাল ও হোমিও চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ‘সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা’ এই আদর্শকে সামনে রেখে নেদায়ে ইসলাম দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল আক্যাম্পের আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মাদ ইকবাল হোসেন বেপারী। এ সময় উপস্থিত ছিলেন, নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ মুজিবুর রহমান বেপারী, নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারি ও টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: মেরাজ উদ্দিন, সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মাদ শাহাজাদা আলম বেপারী, ক্যাশিয়ার আলহাজ্ব মোহাম্মাদ হাবিবুর রহমান বেপারী এবং পরিচালক আলহাজ্ব মোহাম্মাদ মনিরুজ্জামান, শামীম বেপারী, নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব ও মুহতামিম আল আমিন সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। ফ্রি চিকিৎসা সেবা প্রদান শেষে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
উল্লেখ্য, নেদায়ে ইসলাম একটি অরাজনৈতিক, মানবিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সেবা সংস্থা। সংগঠনটির নিবন্ধন নম্বর ১০৯৩/১৯৬৩ এবং প্রতিষ্ঠাকাল ১৯৪৯ ঈসায়ী। সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.)। তারপর উনার বড় সন্তান আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (র.) দীর্ঘ দিন সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি মদিনা শরীফে ইন্তেকালের পর বর্তমানে সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী।