বিনোদন ডেস্ক :: দীর্ঘদিন পর নতুন একটি রোমান্টিক গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও বেবী নাজনীন। ‘স্বপ্ন ঘুড়ি’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা এবং সংগীতায়োজন করেছেন মনোয়ার হোসেন টুটুল। গত সপ্তাহে মাওয়ার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সেলিম রেজা। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাজ্জাদ চৌধুরী ও রিভার আলম রাখি। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন গৌরব গোগো।
গানটি প্রসঙ্গে সেলিম রেজা বলেন, “খুব শিগগিরই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে ‘স্বপ্ন ঘুড়ি’ গানের ভিডিও প্রকাশ করা হবে। এটি খুবই রোমান্টিক একটি গান। আসিফ ভাই ও বেবী আপার মতো কিংবদন্তি দুই শিল্পীর গানের ভিডিও নির্মাণ করতে পেরে আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, “সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল ভাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসিফ ভাইয়ের গাওয়া আরও কয়েকটি গানের ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।” প্রকাশের আগেই ‘স্বপ্ন ঘুড়ি’ গানটি নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রোমান্টিক গল্প ও মনোরম লোকেশনে নির্মিত ভিডিওটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।