স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রশাসন বিভাগের গবেষণা ডিগ্রি ইউনিটের উদ্যোগে এমফিল ও পিএইচডি গবেষকদের পরিচিতিমূলক সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রান্তিক, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা বিস্তারের মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দূরশিক্ষণের মাধ্যমে সেই দায়িত্ব¡ সফলভাবে পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণাকেও সমান গুরুত্ব দিচ্ছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এমফিল ও পিএইচডি কার্যক্রম চালুর মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির পথে অগ্রসর হয়েছে বাউবি। গবেষণা কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং জ্ঞানভান্ডারে নতুন সংযোজন, মানবকল্যাণ এবং রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখাই এর মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। গবেষকদের উদ্দেশ্যে উপাচার্য নিষ্ঠা, সৃজনশীলতা ও নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে লেখা চুরি বা গবেষণায় অনৈতিক চর্চা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, গবেষণার মানোন্নয়নে নিয়মিত গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা, গবেষক ফেলোশিপ, গবেষণাবান্ধব পরিবেশ, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং আবাসন সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে আরও সমৃদ্ধ ও গবেষকবান্ধব করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস বলেন, গবেষণাকে শুধু ডিগ্রি বা পদোন্নতির মাধ্যম হিসেবে নয়, বরং মৌলিক জ্ঞান সৃষ্টির দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। এজন্য তিনি গবেষক ও তত্ত্বাবধায়কদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং পরিশ্রমের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি বাউবিকে গবেষণার জন্য একটি অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীবান্ধব গবেষণা পরিবেশ, তত্ত্বাবধায়কদের আন্তরিক সহযোগিতা, লেখা চুরি পরীক্ষার ব্যবস্থা চালু এবং সহজ নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা অনুষদের ডিন অধ্যাপক তানভীর আহসান, ওপেন অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা, শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আমিরুল ইসলাম, কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মন্ডল এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী। এ ছাড়া পঞ্চম ব্যাচের পিএইচডি গবেষকদের মধ্য থেকে তিনজন গবেষক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এম আহমেদ হুসেইন। গবেষণা ডিগ্রি ইউনিটের যুগ্ম-পরিচালক এমএস তাসলিমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পঞ্চম ব্যাচের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৪১ জন গবেষক উপস্থিত ছিলেন।