June 26, 2026, 11:14 pm

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর

Reporter Name
  • আপডেট Friday, June 26, 2026
  • 7 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জৈন্তাপুরে বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। আজ শুক্রবার (২৬ জুন) সিলেটের জৈন্তাপুর উপজেলার বিয়াম ল্যাবরেটরি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়া ও বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য নতুন ভবন, বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) এবং খেলাধুলার সামগ্রীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।
আরিফুল হক চৌধুরী জানান, বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগামী অর্থবছরে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহের বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন।
পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছের সঙ্গে নিজের নাম যুক্ত করে নিয়মিত পরিচর্যা করলে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায়। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান এবং এ কাজে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর