October 27, 2026, 10:22 pm

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Tuesday, October 27, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে জাতীয়তাবাদী যুবদল। ক্যাম্পে রক্তদান কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রায় ৪০০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্পে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানি মোহাম্মদ তাইজুল ইসলাম।
ডা. লোহানি বলেন, প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকারের পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করেছে।
তিনি বলেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান না। তাদের উন্নত চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়ার লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত জটিল রোগীদের রক্ত, প্লাটিলেট ও প্লাজমার প্রয়োজন বিবেচনায় নিয়ে রক্ত সংগ্রহের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা সেবা দিচ্ছেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
ডা. লোহানি বলেন, যুবদল শুধু আন্দোলন-সংগ্রামের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না। দেশের উন্নয়ন, মাদকের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন সংকট মোকাবিলায়ও ভূমিকা রাখতে চায় সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজনের চেষ্টা করা হয়। শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, বিভিন্ন জেলা পর্যায়েও চিকিৎসা সেবা ও রক্তদানের কর্মসূচি পরিচালনা করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আরও বেশি চিকিৎসককে সম্পৃক্ত করা এবং প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে এ ধরনের কার্যক্রম ওয়ার্ড পর্যায়েও চালু করা সম্ভব হবে। সে লক্ষ্যেই কাজ করার পরিকল্পনা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর