October 27, 2026, 7:50 pm

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

Reporter Name
  • আপডেট Tuesday, October 27, 2026
  • 19 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধে মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ সময় কালিয়াকৈর, মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার প্রায় ১৪টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন।
একপর্যায়ে শ্রমিকেরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে বেলা ১১টার দিকে শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমান বাজারদরের তুলনায় তাদের বেতন অত্যন্ত কম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই বেতনে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাঁরা সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সরকার নির্ধারিত শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হবে—এমন আশ্বাসের পর শ্রমিকেরা দুপুর ১টা ৪০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর