স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত। আজ সোমবার মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমিতে এসে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি দক্ষতা ও হস্তশিল্পের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। এ সময় দেশীয় এসব পণ্যের বিদেশে বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামোর পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ ও বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আনসার সদস্যদের তৈরি বিভিন্ন পণ্যের মান ও উৎপাদনপ্রক্রিয়া দেখে আগ্রহ প্রকাশ করেন তারা। এ সময় তারা কিছু হস্তশিল্পের পণ্য কেনেন এবং নিজ নিজ দেশে এসব পণ্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাষ্ট্রদূতদের স্বাগত জানান। পরে তার সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় একাডেমির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং বিদেশে এসব পণ্য নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনে অংশ নেওয়া চার রাষ্ট্রদূত হলেন মালদ্বীপের শিউনীন রশীদ, কসোভোর লুলজিম প্ল্লানা, মরক্কোর লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং সিঙ্গাপুরের ফিলিপ ওং। এ সময় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।