মো: মেহেদী হাসান ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর এবং পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় অভিযান চালিয়ে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার সরিষা ও আশ্রবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ নং সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.নয়ন মণ্ডল (২৮)। নূর মোহাম্মদ মিলন সরিষা গাংপাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। অন্যদিকে নয়ন মণ্ডল চর হোসেনপুর এলাকার মৃত মজিবুর রহমান ও মোছা. হালিমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশরাফুল করিম ও গৌরীপুর সার্কেলের কর্মকর্তা দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি নূর মোহাম্মদ মিলনকে সরিষা এলাকা থেকে এবং নয়ন মণ্ডলকে আশ্রবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ সদস্যদের ওপর আক্রমণ ও মারধরের মাধ্যমে সাধারণ জখম করা, পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।