October 22, 2026, 1:00 pm

বাংলাদেশিসহ ৭২১ বিদেশি নাগরিককে ফেরত পাঠালো কম্বোডিয়া

Reporter Name
  • আপডেট Thursday, October 22, 2026
  • 7 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক :: অবৈধ অভিবাসন ও অনলাইন প্রতারণাসহ আন্তর্দেশীয় অপরাধ দমনে অভিযান জোরদার করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। এর অংশ হিসেবে গত ১০ দিনে ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফেরত পাঠানো ব্যক্তিদের তালিকায় বাংলাদেশিরাও আছেন। কম্বোডিয়ার সংবাদমাধ্যম খেমের টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসন ও আন্তর্দেশীয় অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১০ দিনে ২০ দেশের ৭২১ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কম্বোডিয়া। তাদের মধ্যে ৯৫ জন নারী। গত ১১ অক্টোবর থেকে এ প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়।
উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সার সকহার নেতৃত্ব ও নির্দেশনায় এসব বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সক ভিয়াসনা তদন্ত ও প্রক্রিয়াবিষয়ক বিভাগকে প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
ফেরত পাঠানো বিদেশি নাগরিকেরা ইন্দোনেশিয়া, চীন, বাংলাদেশ, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরুন, জাপান, ঘানা, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, মিয়ানমার, ফ্রান্স, লাইবেরিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান ও যুক্তরাষ্ট্রের নাগরিক।
খেমের টাইমস বলছে, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৯০ জন চীনা নাগরিক রয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী। বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ৫৪ নারীসহ ইন্দোনেশিয়ার ৩৫৫ নাগরিককে তেচো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
বাকি বিদেশিদের আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়া, নথি জাল করা, পাসপোর্ট ছাড়া অবস্থান, চাঁদাবাজি, মুক্তিপণের জন্য অপহরণ, জাল ভিসা বা কিউআর কোড ব্যবহার, মাদক পাচার ও মাদক সেবন, অবৈধভাবে কাজ করা এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম বলছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের নির্দেশে আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তিনি বারবার বলেছেন, অনলাইন প্রতারণা বা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি হিসেবে কম্বোডিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। আর তাই দেশটির জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তি রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং কোনো সুযোগ দেওয়া ছাড়াই অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হুন মানেত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর