September 10, 2026, 5:35 pm

উত্তরায় নামাজে গিয়ে গাড়ি হারিয়েছিলেন চালক, ৫ মাস পর মিলল সীতাকুণ্ডের গ্যারেজে

Reporter Name
  • আপডেট Thursday, September 10, 2026
  • 13 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। এ ঘটনায় মো. নয়ন উদ্দিন (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ হুসাইন মুহাম্মাদ ফারাবী এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল দুপুরে বিমানবন্দর থানার ১ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির পশ্চিম পাশে গাড়িটি রেখে জুমার নামাজ পড়তে যান চালক মো. এনামুল (৩৩)। নামাজ শেষে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ফিরে এসে তিনি গাড়িটি আর দেখতে পাননি।
চুরি হওয়া গাড়িটি ছিল টয়োটা এলিয়ন মডেলের। চালক এনামুল গাড়িটি উবারে ভাড়ায় চালাতেন। নামাজে যাওয়ার আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে গাড়িটি লক করে তিনি ছাপড়া মসজিদে যান। ফিরে এসে দেখেন, গাড়িটি নেই। সেখানে গাড়ির একটি রিংসহ কিছু চাবি পড়ে ছিল। পরে গাড়ির মালিককে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে চালককে সঙ্গে নিয়ে আশপাশে খোঁজ করেন। তবে গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চুরি হওয়া গাড়িটি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় রয়েছে। এর ভিত্তিতে গত ৬ ও ৭ সেপ্টেম্বর সেখানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সীতাকুণ্ড থানার কুমিরা এলাকার উত্তর ঘোড়ামরা গ্রামের রয়েল গেইট এলাকায় ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি গ্যারেজে গাড়িটির সন্ধান পাওয়া যায়। গ্যারেজটি নয়ন উদ্দিনের মালিকানাধীন। গাড়িটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। পরে ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় নয়ন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গাড়িটি জব্দের সময় এর চ্যাসিস নম্বর পাঞ্চ করে পরিবর্তন করা হয়েছে বলে দেখা যায়। পরিবর্তিত চ্যাসিস নম্বরটি অস্পষ্ট ও ঘষামাজা করা ছিল। তবে মামলার এজাহারে উল্লেখ করা গাড়ির ইঞ্জিন নম্বরের সঙ্গে উদ্ধার করা গাড়ির ইঞ্জিন নম্বরের মিল পাওয়া গেছে। উদ্ধার করা গাড়িতে ঢাকা মেট্রো-গ-২৭-৭৮০৭ নম্বরের একটি নম্বরপ্লেট লাগানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন উদ্দিন পুলিশকে জানিয়েছেন, তার পরিচিত একজনের কাছ থেকে গাড়িটি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর