নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। আজ বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের সামনে পুলিশ কর্মকর্তাদের নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ সব কথা বলেন। নির্বাচনী দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান সকালে শুরু হয়ে শেষ হয় দুপুরে। এতে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন বলেন, টু এনসিওর এ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। আমরা থার্টিনথ ন্যাশনাল ইলেকশন যেভাবে করেছি, যত সুন্দরভাবে করেছি, একইভাবে অন্তত একইভাবে যাতে স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারি—ক্রেডিটবল একটা এক্সেপ্টেবল ইলেকশন যাতে আমরা করতে পারি, এ জন্য পুলিশের সহায়তা চেয়েছি।একইভাবে স্থানীয় সরকার নির্বাচনটা যাতে তাঁরা একই মাপকাঠিতে করতে পারেন, একই গুণসম্পন্ন যাতে করতে পারেন—সে চেষ্টা তারা করবেন, তারা আমার কাছে ওয়াদা করেছেন। এ জন্য নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের দ্রুত নির্বাচনী প্রশিক্ষণের ব্যবস্থা করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে আইজিপির উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যেসব পুলিশ কর্মকর্তা নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত হবেন, অথচ আগে ইলেকশন ফোকাসড ট্রেনিং বা নির্বাচন-সংক্রান্ত কার্যক্রমের প্রশিক্ষণ করেননি, তাদের যত দ্রুত সম্ভব প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের আইজিপি মহোদয় প্রায় দুই সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু করেছেন। আজকেই সেটার উদ্বোধন অনুষ্ঠান।’
অনুষ্ঠানে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, পুলিশকে যারা কমান্ড করেন, পরিচালনা করেন এবং মাঠপর্যায়ে নেতৃত্ব দেন—অতিরিক্ত আইজি, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবাইকে একসঙ্গে পাওয়ার ব্যবস্থা করায় আইজিপিকে ধন্যবাদ জানান তিনি।