মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৩ (ঈশ্বরগঞ্জ) এবং সভাপতি, এডহক কমিটি, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। অনুষ্ঠানে শিক্ষার সার্বিক পরিবেশ ও মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি ও নিয়োগ বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে তাদের মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে। শিক্ষার পরিবেশ সুন্দর ও স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের পড়াশোনার প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানান শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।