স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর মহানগর জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মহানগরীর হায়দারাবাদ হান্নান মার্কেট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দলটি দেশের বহুদলীয় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ এইচ এম আনিছুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাদশা এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুস্তির রহমান হেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের স্বপ্না, পূবাইল মেট্রো থানা যুবদলের আহব্বায়ক মজিবুর রহমান রাজীব প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী কর্মজীবী দল প্রতিষ্ঠালগ্ন থেকেই কর্মজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
এ সময় নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।