স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একযোগে ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার চলাচলের অনুপযোগী শাখা রাস্তা সংস্কার, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক নানা কাজ।
উদ্বোধনকালে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। প্রত্যন্ত এলাকার মানুষও উন্নয়নের সমান সুযোগ পাওয়ার অধিকার রাখেন। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এসব প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব এলাকার মানুষ যোগাযোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন, পর্যায়ক্রমে সেসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। প্রকল্পগুলোর কাজ যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।
এইসব উন্নয়নমূলক কাজের উদ্বোধনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিশেষ করে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাটের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে।
স্থানীয় বাসিন্দরা জানান, এলাকার রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ। এখন সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা আশাবাদী। কাজগুলো দ্রুত শেষ হলে জনসাধারণের অনেক উপকার হবে। একসাথে অনেকগুলো উন্নয়নকাজের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত। এখন আমাদের প্রত্যাশা কাজগুলো যেন দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও উপসচিব আহাম্মদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জুয়েল সরকার, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।