স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসত ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এছাড়াও দুটি গরু আগুনে পুড়ে মারা গেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাধা বল্লব মালো ও অর্জুন মালোর পরিবার পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ রাধা বল্লব মালোর গোয়ালঘর এবং অর্জুন মালোর বসতঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুটি বসতবাড়িসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু নন্দীচালা গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে রাধা বল্লব মালোর গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। অর্জুন মালোর বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের বাড়ি পরিদর্শন করেন বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজান হোসেন খান। তিনি বলেন, আগুনে দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান বলেন, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সংবাদ আমরা পাইনি।