নাটোর জেলা প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিত -২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এসময় সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া ডায়েবিটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।