স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। আজ সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে কারখানায় যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাকওয়া পরিবহনের অপর একটি বাসে আগুন লাগিয়ে দেয়। আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মীরা একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।