স্টাফ রিপোর্টার, গাজীপুর:: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, অসহায় প্রবীণরা জীবনের শেষ সময়টুকু যেন সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারেন সেই বিষয়ে নানামুখী কল্যাণকর কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ব্যবসায়ীদের সাথে পাবলিক পার্টনারশিপের মাধ্যমে অসহায় বয়স্ক নাগরিকদের থাকা খাওয়া ও আধুনিক চিকিৎসার সুব্যবস্থা উপজেলাভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। গাজীপুরে বেসরকারিভাবে গড়ে ওঠা খতিব জাহিদ মুকুল কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। আজ রোববার প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার গাজীপুরের মনিপুর এলাকায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পরিদর্শনে আসেন।
বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সরজমিনের পরিদর্শন করেন এবং এখানে বর্তমানে থাকা বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এই পুনর্বাসন কেন্দ্রে বয়স্ক মহিলা এবং পুরুষদের নামাজের জায়গা এবং কবরস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ সরেজমিন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, বর্তমান সরকার বিভিন্ন প্রকার মানবিক কর্মসূচি হাতে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এ দেশের অসহায় বয়স্ক নাগরিকদের কর্ম দক্ষতা বৃদ্ধি করা, সরকারিভাবে প্রতি উপজেলায় বয়স্ক নাগরিকদের থাকা, খাওয়া ও সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। প্রয়োজনে দেশের আর্থিক সঙ্গতিসম্পন্ন ব্যবসায়ীদের সঙ্গে পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ৭২ জন বয়স্ক মহিলা ৬৮ জন বয়স্ক পুরুষ বর্তমান অবস্থান করছেন। এই পুনর্বাসন কেন্দ্রের বৃদ্ধদের চলাচলের অনুপযোগী রাস্তা জেলা প্রশাসনের মাধ্যমে সংস্কার করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।